রাজশাহী মহানগরীর বড় বনগ্রাম চকপাড়ায় পুলিশের ভয়ে পুকুরে লাফ দিয়ে পানিতে ডুবে ইকবাল হোসেনের (৩৮) মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, ইকবাল মাদকাসক্ত ছিল। সে পেশায় গাড়ি চালক।
নিহত ইকবাল হোসেন ওই এলাকার আব্দুস সালামের ছেলে।
নগরীর শাহ্ মখদুম থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ‘গত শনিবার রাতে জিয়া পার্ক এলাকায় পুলিশ টহল দিচ্ছিলো। এসময় পুলিশ দেখে ইকবাল হোসেন জিয়া শিশু পার্কের পাশের পুকুরের পানিতে ঝাপ দেন। এক পর্যায়ে সে ওই পুকুরের পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।’
আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু
ওসি হাফিজুল ইসলাম আরো জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাসেদুর রহমানের নেতৃত্বে একদল ডুবুরী ঘটনাস্থলে পৌঁছে। ডুবুরী আব্দুর রাজ্জাক ও জুয়েল রানার সহযোগিতায় আরেক ডুবুরী রিপন মৃত অবস্থায় ইকবাল হোসেনকে উদ্ধার করেন। পরে তার মরদেহ শাহ মখদুম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
ইত্তেফাক/বিএএফ