ভোলায় নিজ বাড়ির সামনে কৃষককে কুপিয়ে হত্যা

ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভুট্টো একই গ্রামের বাসিন্দা এবং মো. আক্তারুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বাড়ির সামনে রাস্তায় একা অবস্থান করছিলেন ভুট্টো। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।