আসামি নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত, আহত ৫

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাছাড়া তিন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন মোট পাঁচজন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

নিহত নজরুল ইসলাম হোসেনপুর থানার কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকায় পুলিশের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কনস্টেবল নজরুল ইসলাম গুরুতর আহত হন। আহত অন্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। দুর্ঘটনার পর গুরুতর আহত নজরুল ইসলামকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হয়েছে। তিনি হোসেনপুর থানায় কনস্টেবল হিসেবের কর্মরত ছিলেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।