রেললাইনে সেলফি তুলে ফেসবুকে পোস্ট, একটু পরেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কুমিল্লার লালমাই উপজেলার রেললাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলে সামাজিকমাধ্যমে পোস্ট করার মুহূর্তে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন এক যুবক। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে লালমাই উপজেলার বাগমারা দুধ বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মহি উদ্দিন (৩২)। তিনি অটোরিকশাচালক ছিলেন এবং বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের পশ্চিম চেঙ্গাহাটা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহি উদ্দিন অটোরিকশা নিয়ে বাগমারা বাজারে গিয়েছিলেন। এরপর রেললাইনের ওপর দাঁড়িয়ে একটি সেলফি তোলেন এবং সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, শুভ সকাল।’ পোস্টের কিছুক্ষণ পর নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। ট্রেন আসতে দেখে সরে যাওয়ার চেষ্টা করলেও মহি উদ্দিন লাইনের ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে সাতটায় লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করে। সম্ভবত সেই ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তবে তার আগেই তার স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’