ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভ করে সরকার গঠনের আগ মুহূর্তে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮.৩০ মিনেটে রাজধানীর বেইলিরোড এলাকায় এনসিপির আহ্বায়কের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি চেয়ারম্যান।
সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সদস্য নজরুল ইসলাম খান।
এ সময় নাহিদের বাসায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তিনি। পরে সেখান থেকে বেরিয়ে নাহিদের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।