টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাথিতে ভাবি রওশনারার (৬৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রওশনারা ঐ এলাকার মজিবরের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত দেবরের নাম হবিবর। তিনি ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানায়, মজিবরের সঙ্গে তারই আপন ছোট ভাই হবিবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য নাহিদকে জানালে তিনি একটি সালিশি বৈঠকেরও তারিখ দেন।
রোববার দুপুরে মজিবর এবং তার স্ত্রী রওশনারা ঐ জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাধা দেন। এ সময় উভয়ের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে রওশনারার পেটে সজোরে লাথি দেয় দেবর হবিবর। এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পরে রওশনারা। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মজিবর বাদী হয়ে ছোট ভাই হবিবর ও তার স্ত্রী ফাতেমাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।