নিখোঁজের ১৯ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জে নিখোঁজের ১৯ দিন পর সাকিল খালাসী (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী চর রমজানবেগ এলাকা থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন রাজন শেখ (২৫), ইমরান সরকার (১৯), শরীফ সুলতান আফসু (২৫) এবং লুণ্ঠিত অটোরিকশার ক্রেতা ইউসুফ গাজী (৬০)। এ সময় ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

নিহত সাকিল মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চর হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা ও শাহীন খালাসীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় নিজের মিশুক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। পরদিন তার বাবা মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর একটি প্রতারক চক্র তাকে উদ্ধার করা হয়েছে দাবি করে পরিবারের কাছে হুমকি দিয়ে অর্থ দাবি করে বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার জানান, ইজিবাইক ছিনতাইকে কেন্দ্র করে সাকিলকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ ঝোপের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং একজন লুণ্ঠিত অটোরিকশা কেনার কথা জানিয়েছেন।