ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর কথামতো ভোট না দেওয়ায় এক নারীকে (৫০) মৌখিকভাবে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় হামার স্বামী হামাকে তালাক দিয়্যাছে। হামি এর বিচার চাহি, হামি যেন নিজ স্বাধীনভাবে চলতে পারি।’
ঘটনার পর ওই নারী এক স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এলাকাবাসী জানিয়েছে ওই নারীর স্বামী বিএনপি সমর্থক।
একই ভিডিওতে ওই নারীর স্বামীকে বলতে শোনা যায়, ‘হামি ধানের শীষকে ভালোবাসি, ধানের শীষ করি। হামার মনটা খারাপ ছিল। শুক্রবার দিন সকালবেলা উৎসব করছিল, হামি এটা সহ্য করতে পারিনি। হামি রাগের মাথায় এইটা কইরা ফালাইছি, হামি অন্যায় করছি।’
নিজের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছেন তার স্বামী। তিনি বলেন, ‘রাগের মাথায় কামডা কইরা ফেলাইছি, হামার ভুল হয়্যা গেছে। অ্যাখুন তাকে লিয়ে আসার জন্য লোক লাগাইছি।’