ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’ এবং আরটিভি এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করে কনসিটো পিআর।
‘জমা পানির ক্ষমা নাই’ ট্যাগলাইন শীর্ষক এই মানববন্ধনে সকলকে সচেতন করতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সমবেত হয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ। জমে থাকা পানিতে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে দেশের প্রতিটি মানুষের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে যেন জমে থাকা পানি পরিষ্কার করে তার জন্যই পরিচ্ছন্ন বাংলাদেশ এই উদ্যোগ গ্রহণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও আশঙ্কাজনক যে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এ সমস্যা থেকে দেশকে যত দ্রুত সম্ভব মুক্ত করতে হবে। এই মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে জনগণের প্রধানত কী করণীয় সে বিষয়ে তাদেরকে স্পষ্টভাবে জানাচ্ছে। তারা যদি এগুলো মেনে চলার ব্যপারে সচেতন হয় তবে দেশকে খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্ত করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।’
আরটিভি’র সিইও আশিক রহমান বলেন, ‘আজকের এই মানববন্ধনের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। বিগত কিছুদিন ধরে আমরা দেখছি ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিনিয়ত বাড়ছে, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে যার কারণে আমরা আমরা আতঙ্কিত হয়ে পড়ছি। কিন্তু আমরা একবারও ভেবে দেখছি না এটি কি কারণে হচ্ছে। আমরা যদি নিজেদের ঘরবাড়ি এবং উঠান, ছাদ, বাগান পরিষ্কার রাখি তাহলে এডিস মশা বংশ বিস্তার করতে পারবে না। আশেপাশের মাঠ-ঘাট পরিষ্কার রাখার পাশাপাশি আমরা সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে খুব সহজেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।’
মানববন্ধনে আরও বক্তব্য রাখেনরেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ তারেক, প্রফেসর এ জে এম শাফিউল আলম ভুঁইয়া, অভিনেতা রহমত আলী প্রমুখ।
ইত্তেফাক/কেআই