ভালোবাসা দিবসে মাদুরোর জন্য হোয়াইট হাউসের বার্তা, ‘তুমি আমার হৃদয় হরণ করেছো’

ভালোবাসা দিবস উপলক্ষে রাজনৈতিক বন্দিদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ডিজিটাল কার্ড প্রকাশ করেছে হোয়াইট হাউস। প্রতিটি কার্ডে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর দ্বিতীয় মেয়াদের উল্লেখযোগ্য কোনো ঘটনা বা সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘Made just for you’ শিরোনামে প্রকাশিত পোস্টকার্ডগুলোতে রাজনৈতিক ঘটনাকে রসাত্মক ও ব্যঙ্গাত্মক ভালোবাসা দিবসের বার্তায় রূপ দেওয়া হয়েছে।

প্রথম কার্ডে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চোখ বাঁধা ও হাতকড়া পরা অবস্থায় দেখানো হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে—মার্কিন বাহিনীর হাতে তার গ্রেপ্তার এবং মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কে বিচারের মুখোমুখি হওয়ার প্রসঙ্গ। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘You captured my heart’—অর্থাৎ, ‘তুমি আমার হৃদয় হরণ করেছেন’।

আরেকটি কার্ডে ট্রাম্পকে ‘Executive Order 4547’ লেখা একটি নথি হাতে ধরে থাকতে দেখা যায়। সেখানে ভালোবাসা দিবসের বার্তা হিসেবে লেখা ছিল, ‘UR My Valentine’—বাংলায়, ‘তুমিই আমার ভ্যালেন্টাইন’।

তৃতীয় কার্ডে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন’কে এল সালভাদরে কথিত এমএস-১৩ গ্যাং সদস্য কিলমার আব্রেগো গার্সিয়ার সঙ্গে মার্গারিটা পান করতে দেখা যায়। কার্ডে লেখা ছিল, ‘My love for you is as strong as Democrats love for illegal aliens. I'd fly 1,537 miles to have a drink with you.’

আরেকটি কার্ডে হৃদয়-আকৃতির ফ্রেমের ভেতরে গ্রিনল্যান্ড–এর মানচিত্র দেখানো হয়। এটি ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত ভূখণ্ড যুক্ত করার বিষয়ে ট্রাম্পের বিতর্কিত আগ্রহ ও উদ্যোগের ইঙ্গিত বহন করে। কার্ডে লেখা ছিল, ‘It's time we define our situationship’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, নিজের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান ক্যাভিনো এবং ডেপুটি কমিউনিকেশনস ডিরেক্টর কেইলান ডরের সহায়তায় হোয়াইট হাউসের বেশিরভাগ ব্যঙ্গাত্মক অনলাইন পোস্ট ট্রাম্প নিজেই তৈরি করেছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘রাজনীতিতে কী গ্রহণযোগ্য—আমরা সেই প্রচলিত নিয়মে আবদ্ধ নই। আমরা মানুষের ভাষায় কথা বলি, আর মানুষ এ ধরনের কনটেন্ট পছন্দ করে।’