রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি কাঠের দোকানে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আগুন লাগার ঘটনা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টা ৩৮ মিনিটে আগুন নেভায়। আগুনের খবর প্রথমে রাত ১০টা ২৮ মিনিটে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, এসএ পরিবহনের পাশের দোকানটি থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে চারটি ইউনিট, পরে পর্যায়ক্রমে ১০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, পাঁচতলা ‘এল’ আকৃতির ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলায় হাগিজ ডায়াপারের গুদাম ছিল। আশেপাশে কাঠের অন্যান্য গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি জানান, আগুন নেভানোর পর বিস্তারিত তথ্য জানানো হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।