রগুনায় বিকেলে খুললো আওয়ামী লীগের কার্যালয়, রাতেই আগুন

রগুনার বেতাগী উপজেলায় ১৮ মাস পর খোলা হয় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সেখানে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি এবং দলীয় ব্যানার টাঙায় নেতা কর্মীরা। তারা সেখান থেকে যাওয়ার পর সন্ধ্যায় সেগুলো পুড়িয়ে ফেলা হয়। তবে, কে বা কারা পুড়িয়েছে তা এখনো জানা যায়নি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বেতাগী পৌর মার্কেটের অফিসে অবস্থান নেন উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম। তারা প্রথমে দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন, দেওয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙান এবং অফিসের সইনবোর্ড স্থাপন করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমানের ছবি নিয়ে দলীয় অফিসের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এরপর তারা দেওয়ালে প্রথমে শেখ হাসিনা, এরপর শেখ মুজিবের ছবি টাঙিয়ে এতে ফুলের মালা পড়িয়ে দেয়। শেষে কার্যালয়ের প্রধান ফটকে সইনবোর্ড টাঙায় তারা। 

বেতাগী উপজেল ছাত্রদলের সভাপতি আহসানুল কবির সোয়েব বলেন, ফেসবুকে দেখেছি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামী লীগের অফিস খুলে ব্যানার টাঙিয়েছে। সন্ধ্যায় খবর পেয়েছি কে বা কাহারা সেই ব্যানার ও ছবি পুড়িয়ে দিয়েছে। 

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম জানান, কার্যালয় খোলার সময় ছবি ও ব্যানার স্থাপন বিষয়ে তার জানা নেই।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় তালাবদ্ধ ছিল এবং অনেক নেতা-কর্মী আত্মগোপনে ছিলেন। সংসদ নির্বাচনের পর আবার অনেকেই সক্রিয় হয়েছেন।