জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয়জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। একইসঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।
সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
শপথের আগে এনসিপি সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। কারণ, বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিষয়টি নিয়ে ভাবছিল দলটি।
একই ইস্যুতে জামায়াতও সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা জানায়। তবে পরে অবস্থান পরিবর্তন করে দুপুরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে।
সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। বিভিন্ন দলের ভিন্ন অবস্থানের কারণে শপথ গ্রহণ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত এনসিপি ও জামায়াত উভয়ই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ায় সেই অনিশ্চয়তার অবসান হয়েছে।