নির্বাচনী বাটোয়ারা মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন: সাবেক উপদেষ্টা মাহফুজ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাটোয়ারার নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘বিক্রি করে দেওয়া হয়েছে’ বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এ ছাত্রনেতা কোনো দল কিংবা ব্যক্তির নাম উল্লেখ করে লিখেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেওয়া আর মেনে নেওয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে। দুঃখ লাগে, ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল! ’

জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আরও লেখেন, ‘জনগণের ন্যায্য লড়াই এখন এ বাটপারেরা হাপুস করে দেবে পিআর ক্যাম্পেইন আর মিডিয়া ম্যানিপুলেশনের দৌলতে। আল্লাহ এ দেশের জনগণকে রক্ষা করুন।’ মাহফুজ আলমের ফেসবুক পোস্ট।

উল্লেখ্য, মঙ্গলবার দুই দফায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীরা শপথ নিয়েছেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৬৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে বিরোধী দল হচ্ছে।