মনোনয়নবঞ্চিত আমিনুর রশীদ ইয়াছিন পেলেন কৃষি, মৎস্য ও খাদ্যমন্ত্রীর দায়িত্ব

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশীদ ইয়াছিন কৃষি, মৎস্য ও খাদ্য মন্ত্রী হয়েছেন। তাকে টেকনোক্র্যাট মন্ত্রী করা হয়েছে। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথগ্রহণ করেন।  শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এবারের নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসন থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছিলেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন। এতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মাঠে নামেন তিনি। পরে দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তাকে নির্বাচন থেকে বিরত থাকার আহ্বান জানান। তারেক রহমান এ সময় তাকে কুমিল্লা দক্ষিণ জেলার নির্বাচন পরিচালনার সমন্বয়ের দায়িত্ব দেন।

দলের চেয়ারম্যানের সিদ্ধান্ত তিনি যথাযথভাবে পালন করেন এবং পাঁচটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের বিজয়ী করার জন্য ভূমিকা রাখেন। এতে দলের চেয়ারম্যানসহ হাইকমান্ড তার প্রতি সন্তুষ্ট হন। 

আমিন উর রশিদ ইয়াছিন কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ থেকে পরাজিত হন।