নতুন চাকরি পেলেন সদ্যসাবেক উপ-প্রেস সচিব আজাদ মজুমদার

বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার নতুন চাকরি পেয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজের নতুন চাকরির কথা জানান তিনি।

আবুল কালাম আজাদ মজুমদার লিখেছেন, আমি এখন সাংবাদিকতায় ফিরে আসার পরিকল্পনা করছি এবং বেশ কিছু সুযোগের কথা বিবেচনা করছি। আমি শীঘ্রই চালু হতে যাওয়া ইংরেজি দৈনিক, দ্য ডেইলি ওয়াদা’র নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমার পুরো কর্মজীবন জুড়ে, আমি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং আমি বিশ্বাস করি এই নতুন চ্যালেঞ্জিং কাজেও আমি পেশাদার সততা এবং নীতিগুলো বজায় রেখে কাজ করে যেতে পারবো। এই নতুন অধ্যায় শুরু করার সময় আমি আপনাদের আশীর্বাদ এবং সমর্থন কামনা করছি।

দেশে নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। এ ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজও।

এর আগে চাকরির খবর দেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি ‘দ্য ডেইলি ওয়াদা’ এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন।