চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় আবারও তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা খুলনা কেওয়ান আপ তেলবাহী ট্রেনটি স্টেশনে পৌঁছানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর সকাল ১০টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ফলে ওই রুটে সাময়িকভাবে রেল যোগাযোগ বিঘ্নিত হয়।
আমনুরা রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, আমনুরা বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা তেলবাহী ট্রেনটির চারটি ওয়াগন স্টেশনে পৌঁছানোর মুহূর্তেই লাইনচ্যুত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধারকারী দল কাজ শুরু করেছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জানুয়ারি দুপুরে একই ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছিল।