প্রবাসীদের জন্য সেবার পরিধি বাড়ানো হবে: আরিফুল হক চৌধুরী

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের যেসব সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বিমানবন্দরসংক্রান্ত বিভিন্ন বিষয় সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা একসঙ্গে বসে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন, দলের নির্বাচনি ইস্তেহারে প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রবাসী জনগোষ্ঠীর জন্য কার্যকর পরিকল্পনা প্রণয়ন এখন প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হবে।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেট সফরে এসে আরিফুল হক চৌধুরী জানান, প্রথম দিনটি তিনি মায়ের সঙ্গে কাটাবে। পরে হজরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরদিন নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মপরিকল্পনা নির্ধারণ করবেন বলেও জানান তিনি। দেশের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সবার দোয়া কামনা করেন মন্ত্রী।

এর আগে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইটে দুপুর ২টা ১৫ মিনিটে ৫ দিনের সরকারি সফরে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মন্ত্রী।