পাবনায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ৩

পাবনার সাঁথিয়ায় মাদক ব্যবসা ও জুয়ার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল গফুর (৮০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খয়েরবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের মৃত কছির প্রামানিকের ছেলে।  

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের এরাদ আলীর ছেলে আলিম ফকির দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে তার মাদক ব্যবসায় ভাগ বসাতে পৃথকভাবে মাদক ব্যবসা করছেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক (৪০) ও তালেব মেম্বারের ছেলে ময়েন (৪৫)। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তজেনা চলছিল। বৃহস্পতিবার দুপুরে আব্দুল গফুরকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাথিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশ তাংক্ষণিক অভিযান চালিয়ে তালেবের ছেলে ময়েন মোকছেদ, মোকছেদের ছেলে সজীব ও রুবিয়া নামক এক নারীকে আটক করে।

সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম আব্দুল গফুরের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মাদক ব্যবসা ও পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে। এই ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ পাবনা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।