‘দ্য হান্ড্রেড’ নিলাম ঘিরে বিতর্ক, আইপিএল-সংশ্লিষ্ট দলগুলো নিচ্ছে না পাকিস্তানি ক্রিকেটারদের!

আগামী মাসের নিলামকে সামনে রেখে নতুন বিতর্কে জড়িয়েছে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’। আইপিএল-সংযুক্ত মালিকানার দলগুলো পাকিস্তানের ক্রিকেটারদের বিবেচনায় নিচ্ছে না বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, টুর্নামেন্টের আটটি দলের মধ্যে চারটি—ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেইভ এবং সানরাইজার্স লিডস—আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন। এসব দলের নিয়ন্ত্রণে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস।

বিবিসি জানিয়েছে, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এক এজেন্টকে ইঙ্গিত দিয়েছেন যে আইপিএল-সংশ্লিষ্ট দলগুলো পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি আগ্রহী নয়। বিষয়টিকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি ‘অঘোষিত নিয়ম’ হিসেবে দেখা হচ্ছে। একই কারণে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি-তেও ভারতীয় মালিকানাধীন দলগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায় না।

যদিও ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড আগেই বলেছিলেন, সব দেশের ক্রিকেটারদের জন্য টুর্নামেন্ট উন্মুক্ত থাকবে এবং কোনো ধরনের বৈষম্য করা হবে না। ইসিবির এক মুখপাত্র জানিয়েছেন, এবার প্রায় ১৮টি দেশ থেকে এক হাজারের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, যার মধ্যে পাকিস্তানেরই আছেন প্রায় ৫০ জন।

গত আসরে ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির খেললেও এবার তাদের দল পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে শাহিন আফ্রিদি ও হারিস রউফ-এর মতো তারকারাও এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন।

এই পরিস্থিতি নিলামের আগে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড় বাছাইয়ের নীতিমালা ও বৈষম্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।