সন্ধ্যা পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে বন্দরের পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য ওঠা-নামা সহ সকল কার্যক্রম। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহিনুর ইসলাম মন্ডল জানান, আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। সারা বিশ্বেও দিবসটি যথাযথভাবে পালিত হচ্ছে। এই উপলক্ষে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা আজ হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি, বন্দরের অভ্যন্তরে পণ্য উঠা-নামা সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল রোববার থেকে পুনরায় শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে পাসপোর্টে চলাচল স্বাভাবিক রয়েছে।