আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টারের আওতায় বহুখাতভিত্তিক যৌথ বিনিয়োগ

বাংলাদেশে আন্তর্জাতিক যৌথ বিনিয়োগের নতুন একটি অধ্যায় সূচিত হয়েছে। আরব গ্রোথ গ্রুপ-এর উদ্যোগে এবি কর্পোরেশন-এর সঙ্গে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে চট্টগ্রামে বারো মিলিয়ন মার্কিন ডলারের একটি মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই প্রকল্পটি আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টারের আওতায় বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ উদ্যোগ।

আরব গ্রোথ গ্রুপ সৌদি আরবের রিয়াদ ভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা রিয়েল এস্টেট, বিজনেস সার্ভিস ও আবাসিক হোটেল নিয়ে কাজ করে থাকে। দীর্ঘ ২০-২৫ বছরের অধিক অভিজ্ঞ প্রফেশনালদের নিয়ে কাজ করে যারা সোলার, এগ্রিকালচার, অবকাঠামো উন্নয়নে যুক্ত।

গত ১৭ ফেব্রুয়ারি এই যৌথ বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরব গ্রোথ গ্রুপের প্রতিনিধিবৃন্দ, এবি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ এবং দেশের বিভিন্ন খাতের দশটিরও বেশি স্টার্টআপের প্রতিনিধি।

প্রকল্পটি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বাস্তবায়ন করা হবে। বন্দর-সংলগ্ন এই কৌশলগত এলাকাকে কেন্দ্র করে এগ্রিকালচার, মেরিন এবং রিয়েল এস্টেট—এই তিনটি খাতে সমন্বিত উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগ কার্যক্রম ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের মাধ্যমে আধুনিক কৃষি অবকাঠামো গড়ে তোলা, মেরিন সাপোর্ট ও সেবাভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ এবং পরিকল্পিত রিয়েল এস্টেট উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর, লজিস্টিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই এই মেগা প্রকল্পের মূল উদ্দেশ্য।

এই যৌথ বিনিয়োগ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জয়েন্ট ইনভেস্টমেন্ট সামিট ২০২৬-এ, যা আয়োজন করা হয় চট্টগ্রাম হাই-টেক পার্কে। উক্ত আয়োজনে দুই প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে যৌথ বিনিয়োগ চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আরব গ্রোথ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট ও বোর্ড সদস্য মাহামুদ হাছান এবং এবি কর্পোরেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন আবদূর রহমান সোহাগ, ইসমাইল মন্ডল। 

বক্তারা জানান, এই প্রকল্পটি আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টারের একটি কৌশলগত উদ্যোগ, যার মাধ্যমে দুই দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী ও কর্পোরেট খাতের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে উঠবে।

এই আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত ছিল স্টার্টআপ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা দলসহ বিভিন্ন উদ্যোক্তা ও প্রতিষ্ঠান, যারা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আন্তর্জাতিক বিনিয়োগের সঙ্গে সংযুক্ত করতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আরব গ্রোথ গ্রুপ ২০২২ সাল থেকে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম, মক্কা ও মদিনা শহরে আবাসিক ভবন, আবাসিক হোটেল এবং রেস্তোরাঁসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ২০২৬ সালকে সামনে রেখে একাধিক নতুন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

সব মিলিয়ে, আরব–বাংলাদেশ জয়েন্ট বিজনেস সেন্টারের আওতায় চট্টগ্রামের বাকলিয়া এলাকায় প্রায় ৪২ কাঠা জমিতে বাস্তবায়নাধীন এই ১২ মিলিয়ন মার্কিন ডলারের মেগা প্রকল্পকে বাংলাদেশের এগ্রিকালচার, মেরিন ও রিয়েল এস্টেট খাতে আন্তর্জাতিক মানের যৌথ বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।