দেশ, ভাষা ও সংস্কৃতির বাধা পেরিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে চীনা নাগরিক ক্রিস হুই ভালোবাসার মানুষ বাংলাদেশি যুবক সুকান্ত সেনকে বিয়ে করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের বিষ্ণুপদ ধাম মন্দিরে হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হয় তাদের।
অনুষ্ঠানে শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও অতিথিরা উপস্থিত ছিলেন। বর সুকান্ত সেন প্রয়াত স্বপন কুমার সেন ও শিল্পী রানী সেনের ছেলে। কনে ক্রিস হুই চীনের সাংহাইয়ের বাসিন্দা।
এর আগে, গত বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে কনে ক্রিস হুইকে নিজ বাড়িতে নিয়ে আসেন সুকান্ত সেন। তিনি উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামের বাসিন্দা। হেলিকপ্টারে কনেকে নিয়ে আসার ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। চীনা কনে ক্রিসকে একনজর দেখার জন্য আত্মীয়স্বজনসহ উৎসুক জনতা ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চীনা নাগরিক ক্রিস হুইকে বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে এসেছেন বর সুকান্ত। ঢাকা থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে করে বরের নিজ বাড়ি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে আসেন তারা। হেলিকপ্টার থেকে নামার পরপরই ক্রিস হুইকে নিয়ে সাধারণ মানুষের আগ্রহের সীমা ছিল না। বিয়ে উপলক্ষে পুরো বাড়িকে সাজানো হয়েছে। ২১ ফেব্রুয়ারি গায়েহলুদ অনুষ্ঠিত হয়। বিয়ের দিন লাল বেনারসি শাড়িতে সেজে কনের আসনে বসেন ক্রিস। ধর্মীয় আচার অনুযায়ী সাত পাকে বাঁধা পড়েন তারা। পরে সুকান্ত সেন কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। বিয়েতে ক্রিসের মা-বাবা ও চাচা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা বলেন, তাদের বিয়ে উপলক্ষে সবাই আনন্দ করেছে। চিনা কনের সঙ্গে আমাদের এলাকার ছেলের বিয়ে এজন্য সবাই দেখতে গিয়েছে। হেলিকপ্টারে যখন কনেকে নিয়ে বর আসে গ্রামে তখন থেকেই আলোচনা সৃষ্টি হয়েছে। পুরো এলাকায় অন্যরকম একটি পরিবেশ তৈরি হয়েছে। একনজর এই দম্পতিকে দেখার জন্য স্থানয়দের মাঝে আগ্রহের কমতি নেই।
কনে ক্রিস হুই বলেন, আমি বাংলাদেশি জামাইকে বিয়ে করে নিজেকে ধন্য মনে করছি। বিয়ের জন্য বাংলাদেশে এসেছি আমার জামাই সুকান্ত সেন এর সঙ্গে। সত্যি অসাধারণ মুহূর্ত এটি আমার জন্য। প্রথমে আমাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল। এরপর ভালোবাসার সম্পর্ক ও সবশেষে বিয়েতে পরিপূর্ণ হয়েছে।
বর সুকান্ত সেন বলেন, আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সবাই অনেক আনন্দ করছে।
উল্লেখ্য, ২০১৮ সালে সুকান্ত পড়াশোনা ও ব্যবসার উদ্দেশ্যে চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিসের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে বিবাহ নিবন্ধন সম্পন্ন করেন। এবার দেশে এসে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ে সম্পন্ন করলেন সুকান্ত।