অবতরণের সময় ব্রেক ফেল, আরেকটি তেজস যুদ্ধবিমান হারালো ভারত

ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের আরেকটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে বিমানঘাঁটিতে অবতরণের সময় ব্রেক ফেল বা অনবোর্ড সিস্টেমে ত্রুটির কারণে যুদ্ধবিমানটির কাঠামো মারাত্মকভাবে দুমড়ে–মুচড়ে যায়।

দুর্ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঘটে। তবে বিমানটি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ভারতীয় বিমান বাহিনী আরও একটি তেজস বিমান হারিয়ে ফেলল বলেই মনে করা হচ্ছে।

সূত্র জানিয়েছে, অবতরণের সময় ব্রেক কাজ না করায় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। বিশদ প্রযুক্তিগত পরীক্ষা করার জন্য প্রায় ৩০টি তেজস জেট বিমানে কার্যক্রম পুরোপুরি স্থগিত রাখা হয়েছে।
 
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিমানটি সম্ভবত ব্রেক বা অন্য কোনো সিস্টেমের ত্রুটির কারণে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন এবং গুরুতর আহত হননি।

সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজসের তৃতীয় দুর্ঘটনা এটি। প্রথম দুর্ঘটনাটি ঘটে ২০২৪ সালের মার্চে জয়সালমেরের কাছে, যেখানে পাইলট নিরাপদে ইজেকশন করেছিলেন। এরপর ২০২৫ সালের নভেম্বর মাসে দুবাই এয়ারশোতে একটি বিমান প্রদর্শনের সময়, আরেকটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, ওই ঘটনায় পাইলট নিহত হন।
 
ভারতের বিমানবাহিনী সবশেষ যুদ্ধবিমান দুর্ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি প্রকাশ করেনি।