দুই ইনিংসেই সেঞ্চুরি স্মিথের

দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই শতরান করেছিলেন স্টিভ স্মিথ। অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও শতরান (১৪২) এল স্টিভ স্মিথের ব্যাট থেকে। কঠিন সময়ে ফের দলের ত্রাতা হয়ে ফিরলেন সেই স্মিথ। সেঞ্চুরি করেছেন ম্যাথু ওয়েডও। সেই সুবাদে দ্বিতীয় ইনিংসে চারশ ছাড়িয়েছে অস্ট্রেলিয়া। লিডও তিনশ ছাড়িয়েছে। 

স্মিথ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ডও। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির নজির গড়লেন তিনি।

২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্রিকেট ও নিজের ক্যারিয়ারকে কালিমালিপ্ত করেছিলেন স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তন টেস্টে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে নজির গড়লেন স্টিভ স্মিথ। দুই ইনিংসেই দলের ত্রাতা হিসেবে অবতীর্ণ হন তিনি। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে কেরিয়ারের ২৫ তম সেঞ্চুরিটি করলেন স্মিথ। 

আরও পড়ুন : চব্বিশ ঘণ্টায় ১৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

শেষ পর্যন্ত ১৪২ রান করে আউট হন তিনি। আর তাতেই পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে। ২৫টি শতরান করতে যেখানে স্মিথের লাগল ১১৯টি ইনিংস সেখানে কোহলি ২৫টি শতরান করেছিলেন ১২৭টি ইনিংসে। শচিন ২৫টি শতরান করেছিলেন ১৩০টি ইনিংসে। 

তবে ৬৮টি ইনিংসে ২৫টি টেস্ট সেঞ্চুরি করে সবার ধরাছোঁয়ার বাইরে অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ২৫টি টেস্ট সেঞ্চুরির নিরিখে ব্র্যাডম্যানের পরেই রয়েছেন স্টিভ স্মিথ। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন স্মিথের দখলে।

ইত্তেফাক/কেআই