পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় চাঁদা দাবীর অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুজন সিকদারের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন ব্যবসায়ী নির্মল দাস।
নির্মল দাস সোমবার দুপুর ১২টায় মির্জাগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জানান, দীর্ঘদিন ধরেই সুজন সিকদার তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পশ্চিম সুবিদখালী থেকে সুবিদখালী বন্দরের ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় চাঁদা দাবি করলে, তিনি তা দিতে অক্ষমতা প্রকাশ করেন। অভিযোগে বলা হয়েছে, সুজন সিকদারসহ ৭-৮ জন তাকে মারধর করে আহত করেন এবং কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে ব্যবসায়ী নির্মল দাস রবিবার রাত ১১টায় মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন, প্রধান আসামী হিসেবে সুজন সিকদার ও অন্য ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামী হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, অভিযোগের বিরুদ্ধে সুজন সিকদার বলেন, চাঁদা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ঘটনার পর, স্থানীয় জনগণ বিএনপি নেতার পক্ষে মানববন্ধন করে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা সদর সুবিদখালী বাজার সংলগ্ন বরিশাল-বাকেরগঞ্জ-সুবিদখালী-বরগুনা মহাসড়কে “মির্জাগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মো.সাহাবুদ্দিন নান্নু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা অনুযায়ী অন্যায়কারী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সহায়তার সুযোগ নেই। ওসি সাহেবকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস ছালাম জানান, ‘ব্যবসায়ীকে মারধরের অভিযোগে নির্মল দাস নামে এক ব্যক্তি থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’