নদীর পাড়ে পড়ে থাকা প্লাস্টিকের বক্সে মিললো পিস্তলের ৫০ রাউন্ড গুলি

নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর নজরে আসে একটি বক্স। শিশুরা খেলনা মনে করে বক্সটি বাসায় আনে। পরে জানা যায় বক্সে খেলনা নয় আছে পিস্তলের গুলি। নাটোরের সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লায় এ ঘটনা ঘটে। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শিশুরা বাক্সটি পায়। দুইদিন পর শিশুদের মা মরিয়ম বেগম প্লাস্টিকের বক্সে পিস্তলের ৫০ রাউন্ড গুলি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুদের মা মরিয়ম বেগম জানান, নদীর পানি কমে যাওয়ায় তার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। পরে তারা একটি মাঝারি আকারের বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। আজ হঠাৎ বক্সটি তার নজরে আসলে তিনি খুলে ভেতরে পিস্তলের গুলি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন এবং পরে উদ্ধারকৃত বক্সসহ গুলি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে সিংড়া থানার ওসি আ.ব.ম আব্দুল নূর বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করেন। এসব কোথা থেকে এলো এবং কারা রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’