মাদারীপুরের রাজৈর উপজেলায় দীর্ঘ ১৮ মাস ধরে তালাবদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর উপজেলা কার্যালয়ের প্রধান গেটে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেপারীপাড়া মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা কার্যালয়ের গেটে জাতীয় পতাকা উত্তোলন করে রেখে চলে যায়। তবে পতাকাটি কারা উত্তোলন করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। দুপুরের দিকে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে জাতীয় পতাকাটি আর দেখা যায়নি। তবে সেখানে পতাকা বাঁধা ছিল—এমন আলামত পাওয়া গেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। গত ১৮ মাস ধরে উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ ছিল এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রম বন্ধ ছিল।