বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা

বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম এলাকায় অবস্থিত মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তা রহস্যজনকভাবে মারা গেছেন। পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

মৃত শুভ উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

নিহতের দুলাভাই এ.টি.এম. ফরহাদ সোহাগ জানান, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি মানসিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুভকে কেন্দ্রটিতে ভর্তি করা হয়েছিল। তিনি মাদকাসক্ত ছিলেন না এবং এক মাস আগে ডাকাতির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মঙ্গলবার রাতে নিরাময় কেন্দ্র থেকে ফোন পেয়ে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ নিরাময় কেন্দ্র থেকে ফোন করে জানানো হয়, শুভর শারীরিক অবস্থা খারাপ এবং তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদেরও সেখানে যেতে বলা হয়। পরে হাসপাতালে গিয়ে আমরা তাকে মৃত অবস্থায় পাই।

মৃতের চাচাতো ভাই তাপস বলেন, হাসপাতালে গিয়ে লাশের ডান হাত ও পাঁজরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের ধারণা, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মাদক নিরাময় কেন্দ্রের কর্মী হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।