বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি সৃষ্ট পরিস্থিতিকে বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে স্যোশাল মিডিয়া ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত মব কালচারের আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই।
তিনি বলেন, দেশের অর্থনীতি এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে চরম দুরবস্থার মধ্যে রয়েছে। সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাব রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অর্থনীতির অবশিষ্ট অংশও ধ্বংস হয়ে যাবে।
জামায়াতে ইসলামীর আমির মনে করেন, এ ধরনের বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের প্রতিবাদ করা উচিত। তিনি বলেন, এরমধ্যেই বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বশীল ও দক্ষ ব্যক্তিদের বিরুদ্ধে উৎপাতের ঘটনা ঘটছে।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDrshafiqurrahman.Official%2Fposts%2Fpfbid02mU4hEK2yjHTuwHbMGFXX5rJpkg6qCmKQ5GYMGhXJRrVWwvSxKRnp4vrjQXGqNjJfl&show_text=true&width=500" width="500" height="316" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
সরকারকে উদ্দেশ করে তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে দলীয় আনুগত্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করতে হবে।