আয়কর রিটার্ন জমার সময় আরও একমাস বাড়লো

২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত সার্কুলারে এ তথ্য জানিয়েছে। এর আগে তিন দফা এক মাস করে সময় বাড়ানো হয়, যা শেষ হওয়ার কথা আগামী ২৮ ফেব্রুয়ারি।

এনবিআরের সার্কুলারে বলা হয়, আয়কর আইন-২০২৩ এর ধারা ৩৩৪ এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাগণের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পরিবর্তে ৩১ মার্চ ২০২৬ তারিখ নির্ধারণ করলো।

প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। তবে এবার নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা প্রত্যাশিত মাত্রায় না হওয়ায়, সময় বাড়ানো হয়েছে বলে এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, তিন দফা সময় বাড়ানোর পর ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা হয়েছে ৪২ লাখের সামান্য বেশি। অথচ গত বছর এই সংখ্যা ছিল ৪৫ লাখ। গত বছরও দুই দফা সময় বাড়ানো হয়েছিল।

আয়কর আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে করদাতাদের জরিমানা গুনতে হয় এবং তারা সরকার অনুমোদিত বিভিন্ন কর রেয়াত (রিবেট) সুবিধা থেকে বঞ্চিত হন।