রংপুরে নিখোঁজের তিনদিন পর মাটিচাপা অবস্থায় মঞ্জুরুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঝাকুয়াপাড়া মাজার সংলগ্ন এলাকায় ফাঁকা জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
নিহত মঞ্জুরুল কুর্শা ইউনিয়নের পশ্চিম অনন্তপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। পেশায় তিনি পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন এবং তিনি তিন সন্তানের জনক।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে মঞ্জুরুল হোসেন আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। বুধবার স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারে ঝাকুয়াপাড়া এলাকায় তামাক ক্ষেতে মানুষের রক্ত ও একজোড়া জুতা পাওয়া গেছে। পরিবারের সদস্যরা সেখানে এসে মঞ্জুরুলের জুতা শনাক্ত করে পুলিশে খবর দেয়া এবং মরদেহ খোঁজা শুরু করে। বৃহস্পতিবার খুঁজোখুঁজির পর এক পর্যায়ে মাটি চাপা অবস্থায় মঞ্জুরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণার করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।