নওগাঁর রাণীনগরের পাশবর্তী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার মালশন গ্রামের ১৫ মাস বয়সী শিশু মেঘা জান্নাত বিরল ধরনের টিউমারে আক্রান্ত। দরিদ্র দিনমজুর বাবার পক্ষে তার ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
মেঘার বাবা মোহন, মৃত আমজাদ হোসেনের ছেলে। পেশায় তিনি রংমিস্ত্রি। জন্মের ১৫ দিনের মাথায় শিশুটির গলার পাশে ছোট একটি গুটি দেখা যায়। সময়ের সঙ্গে সেটি বড় হয়ে টিউমারে রূপ নেয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, চার বছর বয়স পূর্ণ হলে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করতে হবে। ততদিন ওষুধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
পরিবারের দাবি, টিউমারটি ক্যানসারজনিত এবং এর উন্নত চিকিৎসা দেশে সম্ভব নয়; বিদেশে নিতে হবে। ইতোমধ্যে চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত প্রায় পরিবারটি। প্রতি মাসেই ওষুধের পেছনে বড় অঙ্কের টাকা ব্যয় হচ্ছে। ভূমিহীন এই দিনমজুর বাবা সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন।
নওগাঁর রাণীনগর উপজেলা যুব অফিস-এর কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ জানান, তিনি বিষয়টি সরেজমিনে দেখে জেনেছেন শিশুটি রক্তনালির ক্যানসারে আক্রান্ত। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া প্রয়োজন। সহযোগিতা পেলে শিশুটির সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে মাসুমা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বলেন, খোঁজখবর নিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।
শিশু মেঘার পরিবারের আশা—সবার সহায়তায় হয়তো একদিন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ছোট্ট জান্নাত।
সহযোগিতার জন্য বিকাশ নম্বর ০১৭৭২৭৯১৯৬৭