মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলা ও হ্যান্ডকাফসহ আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত ডিবির দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এসআই আনোয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি দল চর উলাইল এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি লাবু মিয়া (৪৫)কে তার মেয়েসহ বাড়ির পাশের একটি মুদি দোকানের সামনে থেকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করা হয়। আটকের পর লাবু মিয়ার মেয়ে দৌড়ে গিয়ে স্বজনদের খবর দেন। পরে তাদের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে হ্যান্ডকাফসহ আটক লাবু মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
হামলায় এসআই আনোয়ার, কনস্টেবল হাসান ও কনস্টেবল রেজাউল আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কনস্টেবল হাসান ও রেজাউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্থান থেকে ছিনতাই হওয়া হ্যান্ডকাফ ও পুলিশের পরিচয়পত্র উদ্ধার করেছে।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পশ্চিমাঞ্চলের ইনচার্জ মো. রফিকুল ইসলাম এবং সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, লাবু মিয়া ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। অতীতেও তারা পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, নারী-পুরুষ মিলিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক লাবু মিয়াকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।