নরসিংদীতে কিশোরী হত্যায় দ্রুত বিচারের দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ার জেরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সংগঠনটি ভুক্তভোগীর পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এক বিবৃতিতে এমজেএফ বলেছে, এ ঘটনা দেশে নারী ও শিশুর নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে। গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক বখাটের নেতৃত্বে কয়েকজন কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় বিচার চেয়ে পরিবারটি স্থানীয় জনপ্রতিনিধির শরণাপন্ন হলেও কোনো প্রতিকার পায়নি। বরং তাদের এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নিহত কিশোরীর বাবা অভিযোগ করেন, তার সামনেই মেয়েকে জোর করে তুলে নেওয়া হয়। পরদিন সকালে একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে রাজধানীর পশ্চিম উলন এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা স্থানে জমে থাকা পানি থেকে ছয় বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করে সেখানে ফেলে রাখা হয়। পরিবারের দাবি, থানায় মামলা নিতে প্রথমে পুলিশ গড়িমসি করলেও এলাকাবাসীর বিক্ষোভের পর মামলা গ্রহণ করা হয়।

আইন ও সালিশ কেন্দ্র-এর তথ্য অনুযায়ী, গত মাসেই ৩৫ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছে এবং ২৫ জন শিশু হত্যার ঘটনা ঘটেছে।

মানুষের জন্য ফাউন্ডেশন মনে করে, নারী ও শিশুর প্রতি এ ধরনের বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংগঠনটি নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নারী-শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে। একই সঙ্গে নিহত কিশোরীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংগঠনটির মতে, এ অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তিই ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।