বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১২ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও নির্যাতনের অভিযোগে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তারাবো পৌরসভার মৈকুলি এলাকায় অবস্থিত বি-ব্রাদার্স গ্রুপের কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। ফলে মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় এবং যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী কাজ করেন। তাদের ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বেতন পরিশোধের দাবিতে বারবার মালিকপক্ষের কাছে আবেদন করা হলেও আশ্বাস ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিবাদে সরব হওয়া শ্রমিকদের ওপর নির্যাতন ও ছাঁটাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।

শনিবার সকাল ৮টার দিকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সাড়ে ১০টার দিকে রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শ্রমিক ও মালিকপক্ষকে নিয়ে কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও বকেয়া বেতন পরিশোধ ও ছাঁটাই বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় অবরোধ অব্যাহত থাকে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা অব্যাহত রয়েছে।