কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় দুই যুবককে আটকের প্রায় ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১ টা ৫৫ মিনিটে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৬ এর পাশে বিজিবি ও বিএসএফের ১৫ মিনিটের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে বিজিবির ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহীম ও বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার লিটন মিয়া এবং ভারতীয়-৩ বিএসএফ ব্যাটালিয়নের ৬ সদস্যের পক্ষে নেতৃত্ব দেন করলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ইন্সপেক্টর) সুনীল কুমার।
এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে ফুলবাড়ী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় ওই দুই যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। দুই ভারতীয় যুবককে আটকের পর বিজিবির নায়েক সুবেদার লিটন মিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। পরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নির্দেশে আটকের প্রায় ৭ ঘণ্টা পর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় দুই যুবককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ভারতীয় দুই যুবক হলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২২)।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দুই ভারতীয় নাগরিককে আটকের ৭ ঘণ্টা পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।