বুলডোজার দিয়ে ভেঙে ও গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধঘোষিত) অফিসের সামনে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিষয়টি জানাজানির পর আগুন দিয়ে সেই ‘উদ্বোধনী ব্যানারটি’ পুড়িয়ে ফেলেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কুমারপাড়ায় ওই অফিসের ধংসস্তুপের সামনে টাঙানো ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে সেখানে উপস্থিত হন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের নেতৃত্বে ছিরেন বিএনপির মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু। উপস্থিত নেতাকর্মীরা ব্যানারটি নামিয়ে টেনে ছিঁড়ে ফেলেন এবং পরে আগুন ধরিয়ে দেন।
শামসুল আলম মিলু বলেন, অস্তিত্বহীন আওয়ামী লীগ অফিসের সামনে উদ্বোধনী ব্যানার টানানোর খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি এবং সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হয়। কয়েকজন ব্যানার নিয়ে এলাকা ত্যাগ করতে দেখা যায়। তবে কারও চেহারা স্পষ্ট বোঝা যায়নি। পরে উপস্থিত নেতাকর্মীরা ব্যানারটি অপসারণ ও পুড়িয়ে দেয়।
নগরীর বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা ব্যানারটি টাঙায় বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। শনিবার দুপুরে সেটি পুড়িয়ে ফেলার ঘটনা শুনেছেন। তবে কারা ব্যানারটি লাগিয়েছে আর কারা পুড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে অফিস বুলডোজার দিয়ে ভেঙে ফেলেন বিক্ষুব্ধরা। এরপর গত বছর ডিসেম্বরে শরীফ ওসমান হাদীকে হত্যার পর পরিত্যক্ত ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়। শুক্রবার রাতে সেখানে কে বা কারা একটি ব্যানার টাঙিয়ে যায়।