কানাডার টরন্টো শহরের স্কারবোরো এলাকায় বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে জমজমাট ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার রাজনীতিতে আলোচিত ব্যক্তিত্ব ডলি বেগম।
বক্তারা বলেন, ডলি বেগম শুধু বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিত্বই করছেন না, আগামী দিনে তিনি বৃহত্তর কানাডিয়ান সমাজের সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন।
ডলি বেগম উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় বক্তব্য দেন ড. শাফি ভুইয়া, ড. মাহবুব রেজা, প্রফেসর আতাউর রহমান, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, শওগাত আলী সাগর মাহবুব চৌধুরী রনি, দেলওয়ার এলাহী, সাদ চৌধুরী, এএনএম ইউসুফ, শিবু চৌধুরী, মঈন চৌধুরী, মির্জা রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন- এমপি নেথানিয়েন এরকিনস্মিথ, এমপি সালমা জাহিদ প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশের কন্যা ডলি বেগম কানাডার রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি টানা তিনবার প্রাদেশিক সংসদ সদস্য (এমপিপি) নির্বাচিত হন। সর্বশেষ তিনি ফেডারেল রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনটি বর্তমানে শূন্য হয়েছে। আসন্ন উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে ডলি বেগমের নাম ঘোষণা করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি তিনি নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) থেকে পদত্যাগ করেন। পরদিন ফেডারেল লিবারেল পার্টি তাকে বিল ব্লেয়ারের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। এতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুনের প্রাদেশিক নির্বাচনে তিনি নিউ ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) প্রার্থী হয়ে স্কারবোরো সাউথ-ওয়েস্ট আসনে জয়লাভ করেন। ২০২২ সালেও পুনর্নির্বাচিত হন। রাজনৈতিক দক্ষতা, জনসংযোগ ও বহুসাংস্কৃতিক সমাজে সমতার বার্তা তুলে ধরে তিনি ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য ইফতারের আয়োজন করা হয়।