রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। 

হাসপাতালে নাজমুলের ভগ্নিপতি আশরাফ উদ্দিন জানান, রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল। রাতে গ্রিন রোডে বোনের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাচ্ছিলেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তার মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। আহত অবস্থায় পথচারীরা নাজমুলকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এর কিছু সময় পর তিনি মারা যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল জানান, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় গত রাতে মোটরসাইকেলচালক এক ব্যক্তিকে একটি ট্রাক ধাক্কা ধাক্কা দেয়। পথচারীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। ঘটনার পরপরই চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।