নীলফামারীতে আগুনে পুড়লো ব্যাংকসহ অর্ধশতাধিক দোকান

নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে বহুতল ভবনে থাকা ঢাকা ব্যাংকের একটি শাখা, তুলার দোকানসহ অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর, তারাগঞ্জ দমকল বাহিনীর দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে শহরের ওই সড়কে অবস্থিত একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশে থাকা একটি বহুতল ভবনে অবস্থিত ঢাকা ব্যাংক পিএলসি, ভিশন শোরুম, গাউসিয়া হোটেল, পাহেলওয়ান হোটেল ও অনেকগুলো কাপড়ের দোকান ও শোরুমে আগুন ছড়িয়ে পড়ে। পরে এ আগুন মনোহারি পট্টিতেও ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সৈয়দপুর, নীলফামারী, উত্তরা ইপিজেড, রংপুর, তারাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সর্বশেষ বেলা ২টার পরেও দমকল বাহিনী আগুন নেভাতে ও ক্ষয়ক্ষতি পরিমাপের কাজ করছেন জানা গেছে।

ব্যাবসায়ীরা জানান, ঈদের আগ মুহূর্তে এই অগ্নিকাণ্ডে বিরাট ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হবে।

সৈয়দপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন জানান, ঈদ বাজারে এই আগুনের ঘটনা ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হবেন। আগুনে প্রায় অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। এতে অন্তত ৫০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হাসেম বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনও জানা যায়নি। আগুনের লেলিহান শিখা পুরো ভবনে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করে। কয়েকজন আটকা পড়ে আমরা তাদের উদ্ধার করেছি।