সাতকানিয়ায় ১৯ ডেঙ্গু রোগী শনাক্ত

ডেঙ্গু এখন শহরের পাশাপাশি গ্রামেও ছড়িয়ে পড়েছে। ফলে দিন দিন আতংকিত হয়ে পড়ছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দারা। বিগত ২১ দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতাল ও উপজেলার বিভিন্ন স্থানে ১৯জনের মত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান। 

এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন ও বেসরকারি হাসপাতালে ১৩জনের নাম পাওয়া গেলেও বাকি ৪জনের নাম অজ্ঞাত। তবে কেউ কেউ উপজেলার সরকারি-বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিলেও হাসপাতালগুলোতে চিকিৎসাধীন কেউ বর্তমানে নেই। তারা উন্নত চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে গমন করেছেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হাসপাতালে সবধরণের সুযোগ-সুবিধা  রেখে ডেঙ্গু রোগ শনাক্ত ও চিকিৎসার জন্য আলাদা ডেঙ্গু কর্ণার প্রস্তুত রাখা হয়েছে। এজন্য একজন এমওডিসি’র নেতৃত্বে নার্স ও কর্মচারী নিয়োজিত রাখা হয়েছে। 

অন্যদিকে, আগামী ঈদুল আযহায় গ্রামে আসা শহরের বাসিন্দাদের থেকেও ডেঙ্গু রোগ ছড়ানোর আংশকা রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন। 

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুর উদ্দীন বলেন, ডেঙ্গু রোগ নির্ণয় ও যদি কেউ শনাক্ত হয় তাদের চিকিৎসার জন্য একজন এমওডিসি’র নেতৃত্বে নার্স ও কর্মচারীদের নিয়ে বিগত ২২ জুলাই একটি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ওষুধও পর্যাপ্ত রাখা হয়েছে। ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য আলাদা রুম ও রোগী ভর্তি দিয়ে চিকিৎসার জন্য ৬আসন বিশিষ্ট একটি ডেঙ্গু কর্ণার প্রস্তুত রাখা হয়েছে। ২৪ ঘণ্টা এ কর্ণারটি ও রোগ নির্ণয় কেন্দ্রটি খোলা থাকবে। তবে রোগ নির্ণয়ে কোনো ফি নেওয়া হচ্ছে না। ডেঙ্গু পরীক্ষার জন্য আপাতত ৪০টি কীট সরবরাহ করা হয়েছে। 

তিনি আরও বলেন, আপাতত আমাদের হাসপাতালে ২জন, কয়েকটি বেসরকারি হাসপাতালসহ বিভিন্নভাবে খবর পেয়ে সাতকানিয়ায় ১৯জন ডেঙ্গু রোগী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৫জনের নাম পাওয়া গেলেও অন্য চারজনের নাম পাওয়া যায়নি। 

আরও পড়ুন: সাতক্ষীরায় ৬৬ জন ডেঙ্গু রোগী সনাক্ত, হাসপাতালে ভর্তি ৩২

বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু শনাক্ত হলে আমাকে অবগত করার জন্য বলা হয়েছে। 

ইত্তেফাক/কেকে