মেট্রোরেলের এমডি ফারুকের নিয়োগ বাতিল

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার।

সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে ফারুক আহমেদের নিয়োগ কেন বাতিল করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

এর আগে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রকৌশলী ফারুক আহমেদ। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার গুরুত্বপূর্ণ পদে ২৫ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিশেষজ্ঞ।

নতুন করে কে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।