সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় আটকে পড়া নাগরিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে পরিস্থিতি খারাপ হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য জা‌নিয়েছে  কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃ‌তিতে বলা হয়েছে, সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা পরিস্থিতির উপর নির্ভর করে আরও বাড়ানো হ‌তে পা‌রে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এতে আরও বলা হ‌য়, ভিসার মেয়াদ বাড়ানো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে, কোনো ফি লাগবে না এবং সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাওয়ার বা অতিরিক্ত আবেদন জমা দেওয়ার প্রয়োজন হবে না।

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার সময়সীমা  লঙ্ঘিত হয়েছে, সে ক্ষেত্রে ভিসাধারীদের লঙ্ঘনের সময়কালের জন্য নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। এরপর উল্লিখিত তারিখ থেকে তাদের ক্ষেত্রেও মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফ প্রযোজ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।