রংপুরের ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই শিক্ষার্থীসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন চার জন। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি রয়েছেন। 

ডেঙ্গু জ্বরে মারা যাওয়া শিশুর নাম তিষা মণি (৪)। সে উপজেলা গোপালপুর ইউনিয়নের কৃষ্ণপুর তেঁতুলবাড়ি (ছাঁট) গ্রামের তাহারুল ইসলামের মেয়ে। ২ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তিষা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা নিয়ে বাড়ি নিয়ে যান তার স্বজনেরা। রবিবার বিকালে বাড়িতেই ওই শিশুর মৃত্যু হয়।

গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল পাইকাড় দীলিপ ডেঙ্গু জ্বরে শিশুটির মৃত্যু নিশ্চিত করে বলেন, ডেঙ্গুবাহী এডিস মশা এখন আমাদের গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে।

আরো পড়ুন: ‘মাননীয় মেয়র, রাষ্ট্র কি আমার বাচ্চার নিরাপত্তা দিতে পেরেছে?’

এছাড়া রাজধানী ঢাকার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়েন মাহমুদুল হাসান বিপ্লব (২৮)। মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়নের একরামুল হক সায়েব ফকিরের ছেলে তিনি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। 

ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার মৃত. তোফাজ্জল হোসেনের ছেলে সোহান মিয়া। তিনিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই দুইজনসহ গত দুই দিনে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানের চার জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম সুমন ইত্তেফাককে বলেন, মিঠাপুকুর এলাকায় এখনও ডেঙ্গুর তেমন একটা প্রকোপ দেখা দেয়নি। যারা আক্রান্ত হচ্ছেন, তারা ঢাকায় থাকেন। কর্মস্থলে আক্রান্ত হওয়ার পর মিঠাপুকুরে ফিরে এসেছেন। 

ইত্তেফাক/জেডএইচ