রোদে বেঁকে গেল রেললাইন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বিঘ্নিত

ময়মনসিংহে অধিক তাপমাত্রা ও চাপে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল।

সর্বশেষ বুধবার (৪ মার্চ) রেলপথ মেরামত শেষে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল সোয়া ৩টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় প্রচণ্ড রোদের কারণে রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। দীর্ঘদিনের ব্যবহৃত পুরাতন রেললাইন থাকায় অধিক তাপ ও চাপে এমনটি হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে লাইন ক্লিয়ার করা হলে বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ফাতেমানগর স্টেশনে এবং ঢাকাগামী ‘দেওয়ানগঞ্জ কমিউটার’ ও ‘তিস্তা এক্সপ্রেস’ ময়মনসিংহ স্টেশনে আটকা পড়ে। রেলপথ সচল হলে ট্রেনগুলো স্ব স্ব গন্তব্যে ছেড়ে যায়।