ইরাকের কুর্দিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেহরানবিরোধী সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার (৪ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে কোমালা ও অন্যান্য প্রতিবিপ্লবী গোষ্ঠীর ঘাঁটি এবং সদরদপ্তরে সফলভাবে আঘাত হানা হয়েছে।

গত মাসে ইরাকে অবস্থানরত কয়েকটি কুর্দি-বিরোধী গোষ্ঠী একটি রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দেয়। তাদের লক্ষ্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের বর্তমান সরকারকে উৎখাত এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এসব গোষ্ঠীর হাজার হাজার সদস্য ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা শুরুর আগেই ইরানে অবৈধভাবে প্রবেশ করেছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ইরানবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ করেছে এবং তারা ইরানের সরকারের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে।