জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ: মন্ত্রী টুকু

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ নিয়ে বাড়তে থাকা অনিশ্চয়তার মধ্যে বিকল্প প্রস্তুতি নিচ্ছে সরকার। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মাহমুদ টুকু বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কায় বাংলাদেশ। এ শঙ্কা শুধু বাংলাদেশ নয়; পুরো বিশ্বের। যাতে কোনও ডিজাস্টার নয় সে বিষয়ে সরকার সচেষ্ট আছে।

সরকার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে জানিয়ে খনিজ সম্পদ মন্ত্রী বলেন, মার্কিন প্রশাসনের আরও ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে পল কাপুর বিষয়টি জানাবেন। তবে জ্বালানি সাশ্রয় করে চললে ঈদের ছুটি পর্যন্ত বা মার্চ মাস পর্যন্ত মজুত জ্বালানি দিয়ে চলা যাবে।

জনগণকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে মাহমুদ টুকু বলেন, শপিংমলগুলোতে অহেতুক আলোকসজ্জা করা হয়। এগুলোর দরকার নেই। ব্যক্তিগত গাড়ি ব্যবহার বাদ দিয়ে গণপরিবহন ব্যবহার করুন।