সিলেটে বাড়িতেই পেঁয়াজ-চিনির মজুত, গ্রেপ্তার ১

সিলেটের একটি বড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় রিপন আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম এসব তথ্য জানান। এর আগে বুধবার সিলেট জালালাবাদ থানার হাটখোলা ইউনিয়নের পাগইল গ্রামে মহানগর গোয়েন্দা পুলিশে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রিপন জালালাবাদ থানাধীন পাগইল গ্রামের সমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযানে নামে পুলিশ। অভিযানে ২০ বস্তা পেয়াঁজ ও ৭ বস্তা  চিনি উদ্ধার করা হয়েছে। এসব ভারতীয় পণ্য অবৈধভাবে মজুদ করা হয়েছি। জব্দ হওয়া পেঁয়াজ ও চিনির বাজার মূল্য ৮৭ হাজার টাকা।

পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ ও চিনি মজুদের ঘটনায় রিপনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।