ইরানের ড্রোনবাহী রণতরীতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

ইরানের নৌবাহিনীর একটি বিশালাকায় ড্রোনবাহী যুদ্ধজাহাজে মার্কিন বাহিনীর হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকোম) মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। সিএনএনের প্রতিবেদনে এই সামরিক অভিযানের বিস্তারিত উঠে এসেছে।

অ্যাডমিরাল কুপার তার পোস্টে সাফ জানিয়ে দেন, ‘ইরানের পুরো নৌবাহিনীকে সমুদ্রে তলিয়ে দেওয়া এখন আমাদের প্রধান মিশন এবং এই লক্ষ্য থেকে আমরা এক চুলও বিচ্যুত হবো না। আজ আমরা তাদের একটি ড্রোন ক্যারিয়ার ধ্বংস করেছি, যার বিশালতা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিমানবাহী জাহাজগুলোর সমতুল্য। আমাদের নিখুঁত নিশানায় জাহাজটিতে বর্তমানে ভয়াবহ আগুন জ্বলছে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে যৌথ সামরিক অভিযান শুরু করেছে। সেন্টকোম মুখপাত্রের দাবি অনুযায়ী, অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ইরানি নৌবাহিনীর অন্তত ৩০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী।